
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ এখন প্রায় ৬৪৬ মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৪ কোটি মার্কিন ডলার। এটি আগের বছরের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেশি এবং ২০১৫ সালের ৩ হাজার ৮৭৭ কোটি ডলারের প্রায় তিন গুণ।
ঋণ ও জিডিপির অনুপাত মূল্যায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঋণের অর্থ ব্যবহার করে ভবিষ্যতে আয় বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে কি না। পাশাপাশি দেখতে হবে, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি খাতে ব্যয় কমানো ছাড়াই দেশ ঋণ পরিশোধ করতে পারবে কি না এবং বৈদেশিক মুদ্রার আয় দিয়ে বৈদেশিক ঋণের দায় মেটানো সম্ভব হবে কি না।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এসব প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৫ সালে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মোট জাতীয় আয়ের ২৩ দশমিক ৬ শতাংশ এবং রপ্তানি আয়ের ২১০ দশমিক ৫ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় হয়েছে রপ্তানি আয়ের ১৫ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ অর্থ। এসব তথ্য থেকে বোঝা যায়, সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।