মিয়া মোহাম্মদ ছিদ্দিক,নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল ৪নং ওয়ার্ডের নতুন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সৈয়দ মুক্তাদির রানা-কে সভাপতি, মোহাম্মদ আলী হারুন-কে সাধারণ সম্পাদক এবং মোঃ রায়হান মিয়া-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পৌর বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক ও আন্দোলন-সংগ্রামে ৪নং ওয়ার্ড বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এএইচ রনি চৌধুরীসহ পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।